দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান জানাতে এবং উভয় দেশের মধ্যে ‘সামরিক আস্থা’ গড়ে তুলতে প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার এ বক্তব্য দেন তিনি, যা আসে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নয় বলার একদিন পরে।
জুনে নির্বাচিত হওয়ার পর থেকে লি জে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে তিনি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপ চালাবেন। এটি তার পূর্বসূরির একগুঁয়ে অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
জাপানি শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে লি জে মিয়ং বলেন, দক্ষিণ কোরিয়ার সরকার ‘উত্তেজনা উল্লেখযোগ্যভাবে হ্রাস এবং আস্থা পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করবে’। তিনি আরও যোগ করেছেন, “আমরা উত্তর কোরিয়ার বর্তমান ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানাই এবং শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো ইচ্ছা নেই।”
প্রেসিডেন্ট লি আশা প্রকাশ করেছেন, “উত্তর কোরিয়া আমাদের আস্থা পুনরুদ্ধার ও সংলাপ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার প্রতিদান দেবে।”
সিউলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইউনিফিকেশন অনুযায়ী, ১৫ আগস্ট উভয় কোরিয়াতেই একমাত্র সরকারি ছুটি হিসেবে পালিত হয় এবং এটি ‘জাতীয় মুক্তি দিবস’ হিসেবে পরিচিত।
এদিকে, জুনে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, দুই দেশই সীমান্তবর্তী অসামরিকীকরণ অঞ্চলে প্রচারণা সম্প্রচার বন্ধ করেছে। তবে সম্প্রতি উত্তর কোরিয়ার সৈন্যরা সীমান্তে লাউডস্পিকার ভেঙে ফেলছে এমন খবরকে লি জে মিয়ং অস্বীকার করেছেন।
সূত্র: এএফপি।