দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি আবাসিক বাড়িতে গভীর রাতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদমাধ্যম ইএনসিএ জানিয়েছে, ডারবানের দক্ষিণে কোয়ামাধুথা টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার আগে একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে। সেখানে অবস্থানরত লোকজনকে লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি চালায়। আকস্মিক এ হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
হামলার পর ঘটনাস্থল ছাড়ার আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তারা।
এ হামলার উদ্দেশ্য বা নেপথ্যের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এখন পর্যন্ত হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সন্দেহভাজন কোনো ব্যক্তিকেও শনাক্ত করা সম্ভব হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি।