মিয়ানমারের কাইন রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)-র হামলার পর অন্তত ৫৬৭ জন মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। শনিবার থাই সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।
থাই সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কেএনএলএ ওই হামলা চালায়। সংঘর্ষে মিয়ানমার সেনারা কিছু সময় প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিছু হটে। এরপর প্রায় ১০০ জন মিয়ানমার সেনা এবং ৪৬৭ জন বেসামরিক মানুষ সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশে ঢুকে পড়ে।
থাই সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত অতিক্রমকারীদের নিরস্ত্র করা হয়েছে এবং তাদের চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
কেএনএলএর রাজনৈতিক শাখার নেতা স থামাইন তুন জানিয়েছেন, সীমান্ত এলাকায় লড়াইয়ে মিয়ানমার সেনাবাহিনীর কয়েকটি চৌকি দখল করেছে কেএনএলএ। তিনি আরও বলেন, “কিছু মিয়ানমার সেনা কেএনএলএর যৌথ বাহিনীতে যোগ দিয়েছে, তবে অনেকেই থাইল্যান্ডে পালিয়ে গেছে।”
উল্লেখ্য, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সেনা সরকার এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী প্রতিরোধ বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান গৃহযুদ্ধের কারণে ইতিমধ্যেই ৮১ হাজারের বেশি মিয়ানমার শরণার্থী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।
সূত্র: এএফপি