মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ধারাবাহিকতায় পরিচালিত সর্বশেষ হামলা ছিল অভিযানের ৫৭তম ধাপ। এতে ইসরায়েলের কমান্ড ও যোগাযোগ অবকাঠামোসহ তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, অভিযানে খায়বার-শেকান, ইমাদ ও কদর ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে।
একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। এ হামলায় জুলফিকার ও কিয়াম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উন্নত প্রযুক্তির আত্মঘাতী ড্রোন ব্যবহারের দাবি করেছে ইরানি বাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার ঘটনার পর থেকে তেহরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ডে চালানো হামলার প্রতিক্রিয়াতেই এসব পাল্টা সামরিক অভিযান চালানো হচ্ছে।এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: তাসনিম নিউজ।