বিশ্ব বাণিজ্য অঙ্গনে চমক সৃষ্টি করে জাপানের সঙ্গে ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প জানান, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং বিনিয়োগ থেকে যুক্তরাষ্ট্র ৯০ শতাংশ লাভ পাবে।
ট্রাম্প লিখেছেন, “জাপানের সঙ্গে আমরা একটি বিশাল চুক্তি করেছি—সম্ভবত এটি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি। আমার নির্দেশে জাপান এই বিনিয়োগে সম্মত হয়েছে।”
তিনি আরও দাবি করেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রে শত শত হাজার নতুন কর্মসংস্থান তৈরি করবে।
চুক্তির আওতায় জাপানি গাড়ি, চাল এবং কৃষিপণ্যের ক্ষেত্রে মার্কিন বাজার আরও উন্মুক্ত হবে। পাশাপাশি, আলাস্কায় এলএনজি উত্তোলনে জাপান-যুক্তরাষ্ট্র যৌথ প্রকল্প হাতে নেবে বলেও জানান তিনি।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, চুক্তির খুঁটিনাটি পর্যালোচনা করা হবে, তবে এটি জাতীয় স্বার্থে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নতুন চুক্তি অনুযায়ী, জাপানি রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে, যা আগে ছিল ২৫ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই হ্রাস জাপানের জন্য একটি ইতিবাচক বার্তা।
হাডসন ইনস্টিটিউটের উপপরিচালক উইলিয়াম চৌ বলেন, “১৫ শতাংশ রিসিপ্রোকাল ট্যারিফ কিছুটা স্বস্তিদায়ক। তবে স্টিল ও সেমিকন্ডাক্টর খাতে শুল্ক ছাড় সংক্রান্ত প্রশ্ন এখনো রয়ে গেছে।”
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই চুক্তিকে “ঐতিহাসিক” আখ্যা দিয়ে বলেন, “আমরা দীর্ঘদিনের মৈত্রীর ভিত্তি আরও দৃঢ় করছি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও জাপান এক ‘গোল্ডেন এজ’-এ প্রবেশ করছে।”
ঘোষণার পরপরই জাপানি অটোমোবাইল কোম্পানিগুলোর শেয়ারমূল্য দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। বুধবার সকালে মাজদার শেয়ার ১৭ শতাংশ বেড়ে যায়, টয়োটা, নিসান ও হোন্ডার শেয়ারে ৮.৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি ঘটে।
এছাড়া, জাপানের নিক্কেই ২২৫ সূচকেও ৩ শতাংশ পর্যন্ত উল্লম্ফন লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র জাপান থেকে ১৪৮.২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং রপ্তানি করেছে ৭৯.৭ বিলিয়ন ডলারের পণ্য।
অর্থনীতিবিদ ব্রায়ান জ্যাকবসেন বলেন, “এক বছর আগে কেউ ভাবতেও পারেনি ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ সম্ভব। আজ তা বাস্তবতা। পূর্ণাঙ্গ চুক্তির তথ্য এখনও প্রকাশ হয়নি, তবে এটিই ট্রাম্প প্রশাসনের অন্যতম বড় বাণিজ্যিক অর্জন হতে যাচ্ছে।”
সূত্র: আল জাজিরা।