শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তেজনা: ইইউ দেশগুলোর মিনিয়াপোলিস এড়িয়ে চলার পরামর্শ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর উত্তপ্ত হয়ে উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার জন্য নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে ফ্রান্স। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, গত ২৪ জানুয়ারি জারি করা এই ভ্রমণ সতর্কতার প্রাসঙ্গিকতা এখনো বজায় রয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, মিনিয়াপোলিসের স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের শহরের কেন্দ্রস্থলে যাতায়াত সীমিত করতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ফরাসি নাগরিকদের বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলা এবং প্রয়োজনে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

এর আগে জার্মানিও মিনিয়াপোলিস ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতায় উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি প্রয়োগের ফলে মিনিয়াপোলিসসহ বিভিন্ন শহরে জনশৃঙ্খলা পরিস্থিতির ঝুঁকি তৈরি হয়েছে।

জার্মানির সতর্কতামূলক পরামর্শে বলা হয়, মিনিয়াপোলিস ও অন্যান্য শহরে অভিবাসনবিরোধী অভিযান ঘিরে বিক্ষোভ কখনো কখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে রূপ নিতে পারে। তাই সহিংসতা ঘটতে পারে—এমন জনসমাগম থেকে দূরে থাকার পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে নজর রাখা এবং বিভিন্ন রাজ্যে বিদ্যমান পরিচয়পত্র সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

একই ধরনের সতর্কতা জারি করেছে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ১৫ জানুয়ারি সর্বশেষ হালনাগাদ করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইরিশ নাগরিকদের মিনিয়াপোলিস–সেন্ট পল এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

এই উত্তেজনার মধ্যেই মিনিয়াপোলিসে বক্তব্য দেওয়ার সময় গত ২৭ জানুয়ারি হামলার শিকার হন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় প্রভাবশালী মুসলিম সদস্য ইলহান ওমর। সেদিন রাতে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কঠোর অবস্থানের সমালোচনা করছিলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বক্তব্যের এক পর্যায়ে এক ব্যক্তি হঠাৎ মঞ্চের দিকে ছুটে এসে ইলহান ওমরের দিকে একটি স্বচ্ছ তরল স্প্রে করে। হামলার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জনসভায় ইলহান ওমর ও সোমালি অভিবাসীদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করেছিলেন।

হামলার শিকার হলেও দৃঢ়তা ও সাহসের পরিচয় দেন সোমালি বংশোদ্ভূত এই কংগ্রেস সদস্য। সাময়িকভাবে বিচলিত হলেও তিনি মঞ্চ ছাড়েননি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন,
‘আমরা কথা বলা বন্ধ করব না। আমাকে শুধু দশ মিনিট সময় দিন। উসকানিদাতাদের আমাদের গণতান্ত্রিক মঞ্চ দখল করতে দেব না।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিজেকে একজন ‘সারভাইভার’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকার সংগঠন সিএআইআর (CAIR) তীব্র নিন্দা জানিয়ে একে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী উসকানির ভয়াবহ ফল বলে আখ্যায়িত করেছে। সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা এখন আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ইউরোপীয় দেশগুলোর ভ্রমণ সতর্কতায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD