জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৯তম নিয়মিত অধিবেশনের সময়ে, ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় তিনদিনব্যাপী পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের চলমান মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের নানা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে জেনেভাভিত্তিক International Forum for Secular Bangladesh, Bangladesh Minority Alliance (Switzerland Chapter) এবং Tumuku Development and Cultural Union।
প্রদর্শনীতে বাংলাদেশের চলমান পরিস্থিতি তুলে ধরা হয় পাঁচটি ক্যাটাগরিতে-
১. সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতন
২. সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ ও সাংবাদিক নির্যাতন
৩. শ্রী চিন্ময় দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি
৪. মব সন্ত্রাস, নারী ও শিশু যৌন নির্যাতন
৫. শেখ হাসিনাকে ‘মাদার অফ হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপন।
প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা প্রদর্শনীতে ভয়াবহ নির্যাতনের ৩০টি পোস্টার স্থান পায়। অনুষ্ঠানের উদ্যোক্তা, জেনেভা-ভিত্তিক মানবাধিকারকর্মী রহমান খলিলুর মামুন জানান, বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মহলে তুলে ধরাই এই প্রদর্শনীর উদ্দেশ্য।
পোস্টার প্রদর্শনী দেখতে আসা বিদেশি কূটনীতিক ও মানবাধিকার কর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সুর শোনা যায়। আফগানিস্তানের পশতুন কমিউনিটির নেতা ফজলুর রহমান আফ্রিদি নারকীয় নির্যাতনের ছবি দেখে আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। এমন বর্বরতা যেন মধ্যযুগের পুনরাবৃত্তি। ড. ইউনুস এ ধরনের পৈশাচিকতা পৃষ্ঠপোষকতা করে নোবেল শান্তি পুরস্কারকেই কলঙ্কিত করেছেন।”
দ্বিতীয় দিন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড সোসালিস্ট পার্টির জেনেভা শাখার সেক্রেটারি সিলভাঁ থেভো। তিনি বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ নিয়ে আমার দলের ফোরামে আলোচনা করব।”
শেষ দিনে প্রদর্শনী দেখতে আসেন জার্মানির মানবাধিকার সংগঠনের নেত্রী ক্লাউডিয়া ওয়াডলিখ। তিনি বলেন, “গত ১১ মাস ধরে বাংলাদেশে মব ভায়োলেন্স, সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতন, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।”
এ ছাড়া আরও অনেক মানবাধিকারকর্মী যেমন এলিনা প্রিন্সেস, ড. রাভুরি বলরাজু, নিকোলা শেয়ার্ড, আসলাম আনসারি, ড. রোহিনি প্রমুখ উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, “শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান ড. ইউনুস সরকারের সন্ত্রাসী নীতি বাংলাদেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।”
অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন- “আমরা আগেই ভালো ছিলাম।” অর্থাৎ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বর্তমান পরিস্থিতির তুলনায় জনগণ ভালো ছিল বলে তাদের অভিমত।