জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দেবে না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, এই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই কমিশন কেবল সরকারকে সুপারিশ জানাতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।
ড. আলী রীয়াজ বলেন, “সবশেষ আলোচনায় নোট অফ ডিসেন্টসহ কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছিলাম। তার একটি খসড়া দলগুলোর হাতে দেওয়া হয়েছিল, তারা মতামতও জানিয়েছেন। অঙ্গীকারনামা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে চূড়ান্ত খসড়া পৌঁছে দেওয়া যাবে।”
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এ জন্য সাবেক বিচারপতি, আইনজীবী, আইনশাস্ত্রের শিক্ষকসহ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছিল। আলোচনার একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল এবং আইন উপদেষ্টাও যুক্ত হয়েছিলেন। বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দেখা গেছে, জুলাই সনদের কিছু অংশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।
আলী রীয়াজ আরও বলেন, “কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা চাই, বিশেষজ্ঞ প্যানেল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি অভিন্ন প্রস্তাব তৈরি করে তা সরকারের কাছে পেশ করতে।”