যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার প্রতিপ্রেক্ষিতে শক্তির ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই রবিবার থেকে ‘জয়েন্ট সি-২০২৫’ নামের এই মহড়া শুরু হয়। খবর আরব নিউজের।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ভ্লাদিভোস্টক উপকূলসংলগ্ন জলসীমায় তিনদিনব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের নৌবাহিনী। মহড়ার অংশ হিসেবে সাবমেরিন উদ্ধার অভিযান, যৌথ সাবমেরিন-বিধ্বংসী কৌশল, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলনসহ সমুদ্রযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন কৌশল অনুশীলন করা হচ্ছে।
রাশিয়ার নৌবহরের পাশাপাশি চীনের চারটি যুদ্ধজাহাজ— গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওক্সিং ও উরুমকি-সহ অংশ নিচ্ছে এই যৌথ অভিযানে।
চীন-রাশিয়ার এই সামরিক ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঠিক আগমুহূর্তে মস্কো ও বেইজিং ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে। এরপর থেকেই উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বিত মহড়া নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে, যা প্রতিপক্ষদের প্রতি একটি দৃঢ় বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।