২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন—পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়।
পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি হিসেবে নির্বাচিত হয়। একই সঙ্গে বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহসভাপতির দায়িত্ব লাভ করে।
শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যার মূল লক্ষ্য সংঘাত-পরবর্তী দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও শান্তি প্রক্রিয়াকে শক্তিশালী করতে জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থাকে পরামর্শ ও সহায়তা প্রদান করা। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ পিবিসির সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করেছে।
এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তারা পিসবিল্ডিং কমিশনের কার্যকর ভূমিকা ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এ উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র: ইউএনবি।