জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য শান্তিরক্ষা মিশনের বাজেট অনুমোদন করেছে। গত ৩০ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বাজেট পাস হয়, যার পরিমাণ ৫.৩৮ বিলিয়ন মার্কিন ডলার।
এই বাজেট জাতিসংঘের ১২টি শান্তিরক্ষা মিশনের জন্য বরাদ্দকৃত, যা আগের অর্থবছরের তুলনায় দুটি মিশন কম। পাশাপাশি সামগ্রিক বাজেটেও হ্রাস এসেছে, যদিও বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ঊর্ধ্বগতিতে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এবার বাজেট পাস হয়েছে কোন ভোট ছাড়াই। জাতিসংঘের প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত পঞ্চম কমিটির সুপারিশের ভিত্তিতেই সাধারণ পরিষদ এই সিদ্ধান্ত নেয়।
বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে বিশ্বের ১১৭টি দেশের প্রায় ৬১,৩০০ শান্তিরক্ষী। এর মধ্যে বাংলাদেশের ৫,৬৭৫ জন শান্তিরক্ষী কর্মরত, যা বাংলাদেশের জন্য গর্বের ও মর্যাদার বিষয়। শান্তিরক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত।
এখানে উল্লেখ্য, জাতিসংঘের বার্ষিক সাধারণ বাজেট বছরের শুরু হয় ১ জানুয়ারি থেকে। তবে শান্তিরক্ষা মিশনের জন্য নির্ধারিত অর্থবছর শুরু হয় প্রতি বছর ১ জুলাই থেকে।
বিশ্লেষকদের মতে, শান্তিরক্ষা বাজেটে এই ধরণের কাটছাঁট একদিকে খরচ নিয়ন্ত্রণের প্রয়াস হলেও, অন্যদিকে বৈশ্বিক নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কেবল সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি ফেরাতে নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার রক্ষা ও নাগরিক সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।