উত্তর কোরিয়া চীনের সীমান্তবর্তী এলাকায় একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে দেশটির সর্বাধুনিক দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত রয়েছে।
ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এই অঘোষিত ঘাঁটির নাম সিনপুং-ডং মিসাইল অপারেটিং বেস। এটি উত্তর পিয়ংআন প্রদেশে অবস্থিত, চীনের সীমান্ত থেকে দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার।
গবেষকরা জানান, এখানে ৬ থেকে ৯টি পারমাণবিকসক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ও লঞ্চার রাখা হয়েছে, যা পূর্ব এশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করেছে। দেশটির নেতা কিম জং-উন সম্প্রতি দ্রুতগতিতে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান।
সিএসআইএস জানায়, সিনপুং-ডং ঘাঁটি উত্তর কোরিয়ার ১৫–২০টি অঘোষিত ক্ষেপণাস্ত্র বেস, রক্ষণাগার ও ওয়ারহেড সংরক্ষণাগারের অংশ। উল্লেখযোগ্য বিষয় হলো—এই ঘাঁটিগুলোর কোনোটিই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পূর্ববর্তী নিরস্ত্রীকরণ আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না।
বিশ্লেষকদের মতে, সংঘাত বা যুদ্ধে এই ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র দ্রুত মোতায়েন করে বিশেষ ইউনিটের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে গোপনে উৎক্ষেপণ চালানো সম্ভব। এভাবে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কৌশল ও পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার ভিত্তি গড়ে উঠছে।
হ্যানয়ে ২০১৯ সালের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই পিয়ংইয়ং ঘোষণা করে আসছে, তারা আর কখনও অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না এবং নিজেদেরকে “অপরিবর্তনযোগ্য পারমাণবিক রাষ্ট্র” হিসেবে বিবেচনা করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন।