গ্রিনল্যান্ডে মার্কিন নাগরিকদের গোপন তৎপরতার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে তলব করেছে ডেনমার্ক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাকে কোপেনহেগেনে ডাকা হয়েছে।
ড্যানিশ গণমাধ্যম ডিআর-এর খবরে বলা হয়, অভিযুক্তরা গ্রিনল্যান্ডে সামাজিকভাবে অনুপ্রবেশ করছে এবং অঞ্চলটিকে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন করে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাও সরকারকে সতর্ক করেছে।
পররাষ্ট্রমন্ত্রী লার্স লককে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণেই মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’-কে তলব করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও অভিযোগ করেছেন, গ্রিনল্যান্ডে কোপেনহেগেন পর্যাপ্ত বিনিয়োগ করছে না।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসেন সম্প্রতি সতর্ক করে বলেছেন, কোনো দেশই অন্যকে দখল করতে পারে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, গ্রিনল্যান্ড ও ডেনমার্কে বিদেশি শক্তির আগ্রহ সম্পর্কে তারা যথেষ্ট সচেতন।
ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ডেনমার্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের মন্তব্য দেশটিতে বিস্ময় সৃষ্টি করেছে।
সূত্র: রয়টার্স, বিবিসি।