তুরস্ক গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আঙ্কারা ইসরায়েলের জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলি জাহাজগুলোর তুর্কি বন্দরে প্রবেশও নিষিদ্ধ করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মন্তব্য করেন, “গত দুই বছরে ইসরায়েল গাজায় মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। তারা মৌলিক মানবিক নীতি উপেক্ষা করে গণহত্যার মতো অপরাধ করছে।”
ফিদান আরও বলেন, “আমাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক এখন বন্ধ। কোনো তুর্কি জাহাজ তাদের বন্দরে যাবে না, এবং ইসরায়েলের কোনো জাহাজও আমাদের বন্দরে প্রবেশ করতে পারবে না। আকাশসীমাও তাদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ।”
এর আগে ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য স্থগিত করেছিল। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৩ সালে প্রায় ৭০০ কোটি ডলার ছিল। গাজায় শুরু থেকেই তুরস্ক ইসরায়েলের কর্মকাণ্ডকে তীব্রভাবে সমালোচনা করছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একাধিকবার গাজায় হামলাকে “গণহত্যা” বলে আখ্যায়িত করেছেন।
এছাড়া এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার জানান, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক-ইসরায়েল সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। শুধু গাজা নয়, সিরিয়ায় ইসরায়েলি হামলাও আঙ্কারার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেরদার বলেন, “তুরস্ক এখন ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। আঙ্কারার কূটনীতিকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষও ঘটতে পারে।” বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে।