গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট নিয়ে বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা একযোগে সরব হয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেখা এক উন্মুক্ত চিঠিতে তারা বর্তমান পরিস্থিতিকে “অসহনীয়” আখ্যা দিয়ে দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, কৃত্রিমভাবে খাদ্য সংকট সৃষ্টি করে গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, শিশুদের শিক্ষা বন্ধ হয়ে গেছে, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। এতে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এ চিঠিতে স্বাক্ষর করেছেন ৪,০০০-এর বেশি বিজ্ঞানী, যাদের মধ্যে আছেন ১৪ জন নোবেলজয়ী, পাঁচজন ফিল্ডস মেডেল বিজয়ী, ২০ জন ব্রেকথ্রু প্রাইজ প্রাপক, ৩৪ জন ডিরাক পুরস্কার বিজয়ী এবং চারজন উলফ পুরস্কারজয়ী। নোবেলজয়ীদের মধ্যে রয়েছেন পদার্থবিদ জেরার্ড ’ট হুফ্ট, ডেভিড পলিটজার, গণিতবিদ রজার পেনরোজ, পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি।
বিজ্ঞানীরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন— “ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই, যা গাজার সাধারণ মানুষের ওপর বর্তমান ভয়াবহতাকে ন্যায্যতা দিতে পারে।” তারা যেমন গাজার পরিস্থিতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন, তেমনি ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা ও পণবন্দী করে রাখার ঘটনাকেও নিন্দা করেছেন এবং সব বন্দির অবিলম্বে মুক্তি দাবি করেছেন।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এত বিপুল সংখ্যক খ্যাতিমান বিজ্ঞানীর একসঙ্গে অবস্থান নেওয়া গাজা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগকে নতুন মাত্রা দিয়েছে। তাদের মতে, বিশ্ব সম্প্রদায়ের যৌথ নৈতিক দায়িত্ব হলো অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।