গাজায় ইসরাইলি বাহিনীর এক হামলায় নাসের হাসপাতালে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবারের এই ঘটনায় চারজন সাংবাদিকও প্রাণ হারান। খবর দিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে রয়টার্সের ক্যামেরাপার্সন হুসাম আল-মাসরি, আল জাজিরার মোহাম্মদ সালামা, এনবিসির প্রতিবেদক মোয়াজ আবু তাহা এবং ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম আবু দাকা। রয়টার্স নিশ্চিত করেছে, তাদের সংবাদকর্মী আল-মাসরি নিহত হয়েছেন এবং ফটোগ্রাফার হাতেম খালেদ আহত হয়েছেন।
হাসপাতালের এক চিকিৎসক জানান, হামলার সময় অপারেশন থিয়েটার ও বিভিন্ন ওয়ার্ডে ছাত্র, চিকিৎসক, নার্স ও রোগীরা অবস্থান করছিলেন। ঠিক তখনই কয়েকজন সাংবাদিক হাসপাতালের ভেতরে পরিস্থিতি কভার করার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, প্রথম হামলার পর উদ্ধারকর্মী ও সাংবাদিকরা ছুটে এলে কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার দ্বিতীয় হামলা চালানো হয়। এ সময় রয়টার্সের লাইভ ভিডিও সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।
এর আগে চলতি মাসের শুরুতে গাজা সিটির আল-শিফা হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় পাঁচ আল জাজিরা সাংবাদিক নিহত হন। নিহতরা হলেন সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া। ওই সময় তারা হাসপাতালের মূল ফটকের কাছে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে অবস্থান করছিলেন।