গাজায় ইসরায়েলের চলমান হামলাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের কয়েকশ’ কর্মী। বুধবার পাঠানো এক খোলা চিঠিতে সংস্থাটির প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা স্বাক্ষর করে বলেন, গাজার পরিস্থিতি ইতোমধ্যেই গণহত্যার আইনি সংজ্ঞা পূরণ করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হলে জাতিসংঘের নৈতিক ও আইনি বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কর্মকর্তারা ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যার প্রসঙ্গ টেনে মনে করিয়ে দেন, তখনও জাতিসংঘ নিষ্ক্রিয় থেকে এক ভয়াবহ নৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছিল।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক অবশ্য স্পষ্ট করেছেন, গণহত্যা ঘোষণা করার এখতিয়ার কেবল আন্তর্জাতিক আইনি কর্তৃপক্ষের, মহাসচিবের নয়। অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তেল আবিব এর আগেও বলেছে, তাদের অভিযান আত্মরক্ষার অংশ, গণহত্যা নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, উপত্যকার কিছু এলাকায় দুর্ভিক্ষও দেখা দিয়েছে। ইতোমধ্যেই জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজার পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে একই অভিযোগ তোলে, যদিও মামলার শুনানি এখনও শুরু হয়নি।
চিঠি পাওয়ার পর মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, তার সহকর্মীরা যে নৈতিক ক্ষোভ প্রকাশ করেছেন তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তিনি যোগ করেন, গাজার ভয়াবহ পরিস্থিতি বিশ্বকে মর্মাহত করেছে এবং এই সংকট বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা হতাশাজনক।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স।