বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে জার্মানি এবং ইউরোপীয় অংশীদাররা আগ্রহী বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল ফরেন অফিসের (এফএফও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান।
মঙ্গলবার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ থেকে ১১ জুন বাংলাদেশ সফর করেন ফ্রাঙ্ক হার্টম্যান এবং এফএফও’র দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান স্টিফেন কোখ। সফরকালে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
হার্টম্যান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে এবং এর ফলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে জার্মানি ও ইউরোপ বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
সফরকালে প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে উভয় পক্ষ দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সম্প্রসারণ এবং বাংলাদেশ-ইইউ সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়।
এ সময় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগ্রহের বিষয়টি তুলে ধরে। এছাড়া আলোচনায় রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পায়।
প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও সাক্ষাৎ করে। তিনি রপ্তানি বহুমুখীকরণ, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং নতুন খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরেন।
ফ্রাঙ্ক হার্টম্যান এলডিসি উত্তরণের আগে প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার এবং তৈরি পোশাকের বাইরে রপ্তানি খাত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: জার্মান দূতাবাস