কানাডার সঙ্গে চলমান সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন—কানাডা সম্প্রতি এমন একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে উদ্ধৃত করে শুল্কনীতি নিয়ে নেতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে।
ট্রাম্প লেখেন, “কানাডার এই জঘন্য আচরণের জবাবে আমরা তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক আলোচনা বাতিল করছি।”
এর আগে কানাডার আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে ইউএসএমসিএ চুক্তির আওতাভুক্ত পণ্যের ক্ষেত্রে তিনি ছাড়ের সুযোগ রেখেছিলেন।
উল্লেখ্য, ইউএসএমসিএ (USMCA) হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদকালে স্বাক্ষর করেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের ওপর খাতভিত্তিক শুল্ক আরোপ করেছেন—যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইল আমদানির ওপর ২৫ শতাংশ কর অন্তর্ভুক্ত।
সূত্র: বিবিসি।