কলম্বিয়ায় একই দিনে সংঘটিত দুটি ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশের একটি হেলিকপ্টারে হামলা এবং গাড়ি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, এ হামলার পেছনে সাবেক বিপ্লবী সশস্ত্র সংগঠন এফএআরসি-এর বিদ্রোহীরা জড়িত থাকতে পারে।
হেলিকপ্টারটিতে কোকা চাষ ধ্বংসের অভিযানে নিয়োজিত পুলিশ সদস্যরা ছিলেন। আন্টিওকিয়ার আকাশে ড্রোন হামলার মাধ্যমে বিমানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হন। প্রথমে প্রেসিডেন্ট আটজনের মৃত্যুর কথা জানালেও পরে প্রাদেশিক গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন নিশ্চিত করেন আরও চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।
প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে হামলার ফলে হেলিকপ্টারটিতে আগুন লাগে।
অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালি শহরে সামরিক বিমান স্কুলের পাশে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হলে অন্তত পাঁচজন নিহত ও ৩০ জনের বেশি আহত হন। তবে এ ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি দেশটির বিমান বাহিনী।
উল্লেখ্য, প্রথমে প্রেসিডেন্ট পেত্রো এই হামলার জন্য মাদকচক্র গালফ ক্ল্যানকে দায়ী করেছিলেন। তাঁর দাবি, কোকেন জব্দের প্রতিশোধ নিতেই হামলাটি চালানো হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের স্থল থেকে একজন সন্দেহভাজন বিদ্রোহীকেও আটক করা হয়েছে বলে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।
সূত্র: এপি।