ওহে প্রজাপতি লও এ আরতি
– মো.খলিলুর রহমান
ওহে প্রজাপতি, লও এ আরতি, কও কথা মোর সনে,
কও এই হৃদে মোর প্রিয়া রহে কভু কোথা কার সনে!
কও কথা লও ব্যথা এ আমার মনের বাগিচা হতে,
বন্ধু হবে হে, বধু নাই সাথে বন্ধুতা চায় হৃদে।
বন্ধুতা চায় কবিতা নিচয় সৃজন মাধবী রাতে,
চায় বন্ধুতা ওহে মোর ত্রাতা সকাল সন্ধ্যা প্রাতে।
বড় অপারগ বন্ধু বিহনে বধুর বিরহে কবি!
হবে কিগো তুমি মধু সমীরণ এই মন আঁকে ছবি!
মন আঁকে ছবি নাপারগ কবি রবির আলোক চায়,
চায় প্রজাপতি, হবে তাঁর সাথী আর হবে নিশ্চয়!
ছন্দ প্রণব করি মহোৎসব জীবন কবিতা কয়।
মেলো ডানা প্রজাপতি আনমনা রংবেরঙের ঢেউ,
কবি আর তুমি সৃজনের ভূমি নাই জানে আর কেউ!
বন্ধু আসেনি মনও মাতেনি গায়নি সৃজনী গান!
এসো মোর সাথে আঁকো ছবি প্রাতে জুড়ে সারা দিনমান।
তবেই পাবে যে সৃজনের গান স্থায়ী অন্তরা,
ছন্দ মায়ায় গড়বে প্রাসাদ,
হবে মন দিশেহারা।
ওই জগতের মাধুরী বুঝতে পৃথিবীর যত প্রাণ,
হবে সচকিত কভু বিচলিত আমারেই করো ত্রাণ!
প্রজাপতি! আমারেই করো ত্রাণ!!