দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে এমন পরিস্থিতির মধ্যে আগামী পাঁচ দিন পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি জানায়, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজ করছে, যা এখন কমোরিন ও তৎসংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ দানা বাঁধার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একইভাবে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত শুষ্ক আবহাওয়ার ধারা বজায় থাকবে এবং দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থেকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে আবহাওয়ার গতিপ্রকৃতি পরিবর্তনের আভাস দিয়ে অধিদপ্তর জানায়, আগামী রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য প্রান্তে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)