ওমান সরকার আগামী ৩১ আগস্ট থেকে বহুল আলোচিত ‘গোল্ডেন ভিসা কর্মসূচি’ চালু করছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে নেওয়া এ উদ্যোগের আওতায় নির্বাচিত বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি পাবেন। একইসঙ্গে ব্যবসা সহজীকরণে দেশের বাণিজ্য ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন ডিজিটাল সংস্কার, যা ওমানকে আধুনিক ও বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তর করবে।
বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সংবর্ধনা মন্ত্রণালয় জানিয়েছে, ওই দিন আরও দুটি উদ্যোগ চালু হবে— ‘আল মাজিদা কোম্পানিজ’ প্রকল্প এবং ‘ওমান বিজনেস’ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বাণিজ্যিক নিবন্ধন এখন থেকে ইলেকট্রনিকভাবে হস্তান্তর করা যাবে।
সালালাহ শহরে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গভর্নর সাইয়্যেদ মারওয়ান বিন তুর্কি আল সাঈদ। এ সময় ওমানের নির্মাণ খাতের উন্নয়নকে গুরুত্ব দিয়ে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ওমান এনার্জি অ্যাসোসিয়েশন ও ইবিনা’র সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করা হবে।
মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের মহাপরিচালক মুবারক বিন মোহাম্মদ আল দোহানি জানান, গোল্ডেন ভিসা এবং নতুন সংস্কারগুলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনবে। পাশাপাশি দেশীয় ব্যবসাগুলোকেও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণে উৎসাহিত করবে।
তার মতে, ডিজিটাল বাণিজ্যিক নিবন্ধন ব্যবসায়ীদের ব্যয় ও সময় কমাবে, স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ওমানকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবসায়িক পরিবেশে রূপ দেবে।
এসব উদ্যোগকে সরকার টেকসই উন্নয়ন ও আধুনিক অর্থনৈতিক কাঠামো গঠনের প্রতিশ্রুতির অংশ হিসেবে দেখছে। বিশেষ করে নির্মাণ খাতের আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার মাধ্যমে জাতীয় দক্ষতা ও উদ্ভাবন ক্ষমতা বাড়াতে কাজ করছে দেশটি।
সূত্র: গালফ নিউজ।