ভারত যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থেকে আনুষ্ঠানিকভাবে পিছিয়ে গেছে। ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুল্ক ও ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে নয়াদিল্লি এ সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক সময়ের কূটনৈতিক জটিলতা এবং উচ্চ আমদানি শুল্ক আরোপের ফলে নয়াদিল্লির মধ্যে সামরিক চুক্তির আগ্রহ হ্রাস পেয়েছে। যদিও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি ভারত, তবে বর্তমানে এফ-৩৫ ক্রয়ে আগ্রহী নয় বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো এফ-৩৫ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেন। সফরটি ছিল দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি মাইলফলক, যেখানে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই উষ্ণ সম্পর্কের জায়গায় এসেছে শীতলতা। ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর পাশাপাশি সামাজিক মাধ্যমে ট্রাম্প ভারতের শুল্কনীতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম আমদানির বিষয়েও ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা দেন তিনি।
এমন পরিস্থিতিতে ভারত শুধুমাত্র এফ-৩৫ কেনা নয়, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বিষয়ে নতুন করে ভাবছে। ব্লুমবার্গকে দেওয়া বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা জানান, ভারত এখন যুদ্ধবিমান সংগ্রহের চেয়ে নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ার দিকেই বেশি মনোযোগী। তারা চাইছিল যৌথভাবে ডিজাইন ও উৎপাদনে যুক্ত হতে, কিন্তু বর্তমান পরিবেশে সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে, হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, ৩১ জুলাই ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের ‘রাফ রেইডার্স’ স্কোয়াড্রনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।
যদিও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বেড়েছে, ভারত এখনো কিছু বাণিজ্যিক খাতে সম্পর্ক বজায় রাখতে চায়। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ এবং যোগাযোগ প্রযুক্তি খাতে আমদানি বাড়ানোর চিন্তা করছে দেশটি। বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির এই অবস্থান কেবল ভূরাজনৈতিক বার্তাই নয়, বরং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা গড়ার চেষ্টা হিসেবেও বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ, হিন্দুস্তান টাইমস।