ভারত উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
বৃহস্পতিবার (২৬ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের বহুস্তরভিত্তিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনা সর্বদা গুরুত্বপূর্ণ। তবে তার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ।”
ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দু’র প্রতিবেদন অনুসারে, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্দেশ্যে সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় এমন মন্তব্য করলেন জয়সোয়াল।
জয়সোয়াল আরো জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু সমাধানে এরমধ্যে একাধিক প্রাতিষ্ঠানিক কাঠামো গঠিত হয়েছে এবং সেগুলোর মাধ্যমেই নানা বিষয়ে আলোচনা ও সমন্বয় অব্যাহত রয়েছে।
এছাড়া ১৯ জুন চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ নিয়েও ভারত উদ্বিগ্ন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, “আমরা আঞ্চলিক পরিস্থিতির প্রতি সজাগ এবং যা আমাদের নিরাপত্তা ও স্বার্থকে প্রভাবিত করতে পারে, তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি।”
তিনি স্পষ্ট করে বলেন, ভারতের পররাষ্ট্রনীতি স্বাধীন হলেও তা আঞ্চলিক বাস্তবতা ও বৃহৎ কৌশলগত প্রেক্ষাপটে গঠিত হয়।
সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আতা হাসনাইন, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক অমিতাভ মাত্তু।