ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আবারও প্রকৃতির তাণ্ডব নেমে এসেছে। রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলায় শুক্রবার সকালে আকস্মিক মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অল্প সময়ের ভারী বৃষ্টিপাতে ঘরবাড়ি ভেঙে পড়েছে, পাহাড়ি রাস্তায় ধস নামায় বহু মানুষ আটকে পড়েছেন।
রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে পানির স্তর দ্রুত বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর প্রচণ্ড স্রোতে একটি সেতু ভেসে গেছে। এ ছাড়া নদী ও ছোট নালার পানি লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ জেলার বাসুকেদার এলাকা ও চামোলির দেবল অঞ্চল। দেবলে এক দম্পতি পানির স্রোতে ভেসে গেছেন, তাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েকজন আহত হলেও উদ্ধারকর্মীরা তাঁদের জীবিত উদ্ধার করেছেন। তবে এখনো নিখোঁজ বা আটকে পড়া অন্যদের সন্ধান মেলেনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। রুদ্রপ্রয়াগের ঐতিহাসিক হনুমান মন্দিরও প্লাবিত হয়ে গেছে।