ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন। হামলাটি বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্টে সংঘটিত হয় বলে জানিয়েছে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন।
আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগীও ওই হামলায় প্রাণ হারিয়েছেন। এই হামলা সানার বাইরে আলাদা স্থানে চালানো আরেকটি হামলার থেকে পৃথক, এবং লক্ষ্য ছিল হুথি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠক। বৈঠকে হুথিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন, এবং হুথি নেতা আবদুল মালিক আল-হুথির ভাষণ শোনার কথা ছিল।
তবে হামলায় মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, আল-রাহাভি প্রধানমন্ত্রী পদে এক বছর দায়িত্ব পালন করেছিলেন, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। এন টুয়েলভ’এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার অনুমোদন দিয়েছিলেন।
আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সানায় প্রায় ১০ দফা বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদেও হামলা চালানো হয়েছে, যেখানে হুথি সরকারের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট নিউজ, ইসরায়েল ন্যাশনাল নিউজ।