ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি সড়কপথে পাকিস্তানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। অচিরেই তারা করাচি পৌঁছে সেখান থেকে বিমানযোগে দেশে ফিরবেন।
ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত থাকবে। তেহরানে দূতাবাস নিয়মিত সেখানকার বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পরপরই দূতাবাস দুইটি হটলাইন চালু করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। তবে যুদ্ধবিরতি হওয়ায় অনেকেই এখন ইরানেই অবস্থান করতে চাইছেন।