ইরানের পুলিশ জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ চলাকালে ২১ হাজার সন্দেহভাজনকে আটক করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মন্তাজেরুলমাহদি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই গ্রেপ্তার কার্যক্রমে সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুদ্ধ চলাকালীন সময়ে এত বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করা দেশের নাগরিকদের নিরাপত্তা সচেতনতা এবং অংশগ্রহণের প্রমাণ।
যদিও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে ২৬০ জনকে গুপ্তচরবৃত্তি এবং ১৭২ জনকে অবৈধভাবে ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছে। সংঘাতকালে দেশজুড়ে এক হাজারের বেশি তল্লাশিচৌকি বসানো হয়েছিল।
এটি প্রথমবারের মতো যে ইরানি পুলিশ যুদ্ধকালীন গ্রেপ্তারের মোট সংখ্যা প্রকাশ করেছে। এর আগে শুধু গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের খবর প্রকাশ করা হতো।
যুদ্ধ চলাকালীন, জুন মাসের শেষ থেকে এখন পর্যন্ত, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত সংঘর্ষে ইসরায়েলের বিমান হামলায় ইরানে প্রায় ১,১০০ জন নিহত হন, যাদের মধ্যে অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হয়েছে।
সূত্র: এপি