ইরানের কারাগারে আটক নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্য পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তেহরানের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের দাবি উঠেছে আন্তর্জাতিক মহলেও।
নার্গিসের ভাই হামিদরেজা মোহাম্মাদি জানিয়েছেন, হঠাৎ তাঁর রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায় এবং চিকিৎসকেরা এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। তিনি অভিযোগ করেন, শারীরিক অবস্থার অবনতি হলেও কারা কর্তৃপক্ষ দীর্ঘ সময় তাঁকে যথাযথ চিকিৎসা দেয়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, হৃদযন্ত্র, ফুসফুস ও রক্তচাপজনিত পুরোনো অসুস্থতায় ভুগছিলেন নার্গিস। গত মাসে কারাগারে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তখন হার্ট অ্যাটাকের আশঙ্কা করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা পেতে বিলম্ব হয় বলে অভিযোগ ওঠে।
নোবেল শান্তি পুরস্কার কমিটির প্রধান ইয়ুর্গেন ওয়াটনে ফ্রিডনেসও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নার্গিসের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং দ্রুত বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
নার্গিস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ইরানে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার কারণে বহুবার গ্রেপ্তার হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও নিরাপত্তাবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হলেও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এই মানবাধিকারকর্মী।
নার্গিস মোহাম্মাদি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তাঁকে ১৩ বার গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি, রয়টার্স