ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৭৪ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে মোট ১৫৪ জন ইথিওপীয় নাগরিক ছিল, যাদের বেশিরভাগই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রোববার জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য নিশ্চিত করেছে।
আইওএম-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ জানান, দুর্ঘটনার পর ১২ জনকে জীবিত উদ্ধার করা গেছে। ইয়েমেনের খানফার জেলায় ভেসে এসেছে ৫৪ জনের মরদেহ, আর বাকি ১৪ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়েছে।
জাঞ্জিবার শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল কাদের বাজামিল বলেন, শহরের শাকরা এলাকায় নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চলছে।
আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় ধনী দেশগুলোতে যাওয়ার এই সমুদ্রপথ দীর্ঘদিন ধরেই অভিবাসীদের জন্য একটি প্রধান রুট হলেও, এটি অত্যন্ত বিপজ্জনক। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই রুটের ব্যবহার বেড়েছে। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমলেও ঝুঁকি ও মৃত্যুর ঘটনা রয়ে গেছে।
আইওএম জানিয়েছে, সোমালিয়া ও ইথিওপিয়ার মতো সংঘাতবিধ্বস্ত দেশ থেকে অনেক মানুষ ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশে যাওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ ব্যবহার করছেন। অধিক যাত্রী বোঝাই নৌকাগুলো লোহিত সাগর পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।