ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)।
শনিবার বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি নিহত ও নিখোঁজের তথ্য নিশ্চিত করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং বহু মানুষ আটকা পড়েন।
নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে টানা বৃষ্টি, কর্দমাক্ত ভূমি এবং ধসে পড়া মাটির বিশাল স্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাদেশিক প্রশাসন সতর্ক করে বলেছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ায় বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞরা অপরিকল্পিত বসতি ও বন উজাড়কে এসব দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন।
সূত্র: রয়টার্স।