গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া।
আল জাজিরা এই ঘটনাকে “সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক উসকানি ও হামলার অংশ” বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এর আগে মাত্র দুই সপ্তাহ আগে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আনাস আল-শরিফসহ তাদের সাংবাদিকদের টার্গেট করার অভিযোগ তুলেছিল।
হামলার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে আল-শরিফকে লক্ষ্য করে হামলার বিষয়টি নিশ্চিত করে। আইডিএফের দাবি, আল-শরিফ সাংবাদিকতার ছদ্মবেশে হামাসের একটি সশস্ত্র সেলের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে অন্য চার সাংবাদিকের মৃত্যুর বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
বিবিসি ভেরিফাই প্রকাশিত দুইটি ভিডিওতে দেখা যায়, হামলার পর মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজন নিহতদের পরিচয় নিশ্চিত করছেন। এক ফুটেজে দেখা যায়, প্রেস ভেস্ট পরা এক ব্যক্তি আনাস আল-শরিফের মরদেহ শনাক্ত করছেন।
সাংবাদিক অধিকার রক্ষাকারী সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
আইডিএফ দাবি করেছে, হামলার আগে বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে তারা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক গোলাবারুদ, আকাশপথে নজরদারি এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে। তবে আল জাজিরার মতে, এই হামলা সাংবাদিকদের পেশাগত কাজকে বাধাগ্রস্ত করার এক বিপজ্জনক প্রচেষ্টা।
সূত্র: বিবিসি