চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান কোনো ধরনের বিদেশি চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, তবে প্রয়োজনে নিজের নিরাপত্তা রক্ষায় প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপের সময় তিনি বর্তমান পরিস্থিতিকে “অমানবিক আগ্রাসন” হিসেবে উল্লেখ করেছেন।
ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান নেওয়া উচিত। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে তাদের আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করার আহ্বান জানান তিনি।
পেজেশকিয়ান আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তার মতে, এর মাধ্যমে ইরান ও প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি অবস্থান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পেজেশকিয়ান বলেন, ইরানের মাটিতে আর কোনো হামলা হবে না- এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের আলোচনা অর্থবহ নয়। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তেহরান তার অবস্থানে অটল থাকবে।
সূত্র: প্রেস টিভি