ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ হিসেবে আখ্যায়িত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জোহরান মামদানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সিটিতে বৈঠকের পর মামদানি এ বক্তব্য দেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান জানানো উচিত। কোনো ব্যক্তি আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের সঙ্গে গ্র্যাসি ম্যানশনে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উঠে এসেছিল উল্লেখ করে মামদানি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত।
নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি গত কয়েক মাস ধরেই জানিয়ে আসছেন মামদানি। তবে সম্প্রতি তিনি স্বীকার করেছেন, এই সিদ্ধান্ত কার্যকর করার একক ক্ষমতা তার হাতে নেই। একই সঙ্গে নেতানিয়াহুর সফরের বিরোধিতা করে আয়োজিত কোনো বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।
এর আগে ট্রাম্প ও মামদানির দ্বিপাক্ষিক বৈঠকে রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে অভিবাসন আইন প্রয়োগ এবং এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদ শুরুর উদ্যোগের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, শহরের বাসিন্দাদের স্বার্থে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় জানান মামদানি।
সূত্র: টাইমস অব ইসরায়েল।