অস্ট্রেলিয়া সম্প্রতি নাউরুর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে দেশটি কিছু অভিবাসীকে নাউরুতে স্থানান্তরের পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত কিছু অভিবাসীসহ মোট ২২০ জনেরও বেশি মানুষ প্রভাবিত হবে।
শুক্রবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নাউরু সফরের সময় এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, যেসব অভিবাসীর অস্ট্রেলিয়ায় বৈধ থাকার অধিকার নেই, তারা নাউরুতে গেলে সেখানকার সরকার তাদের চিকিৎসা ও দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা নিশ্চিত করবে। এই প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া নাউরুকে আর্থিক সহায়তাও প্রদান করবে, যদিও ক্যানবেরা এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, চুক্তির আওতায় অস্ট্রেলিয়া নাউরুকে প্রথমে ৪০ কোটি ৮০ লাখ অস্ট্রেলীয় ডলার দেবে এবং পরবর্তী বছরে প্রায় ৭০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার সহায়তা জারি রাখবে।
স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, যাদের বৈধ ভিসা নেই, তাদের অবশ্যই এখনই অস্ট্রেলিয়া ত্যাগ করা উচিত।
সূত্র: এবিসি।