জার্মানিতে অভিবাসী হয়ে আসা মানুষেরা স্থানীয় জার্মান নাগরিকদের তুলনায় অনেক কম আয় করেন—এটা নতুন কোনো তথ্য নয়, কিন্তু এ বৈষম্য কতটা স্থায়ী এবং কাঠামোগত তা উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। মূল কারণ হিসেবে উঠে এসেছে উচ্চ মজুরির পেশায় প্রবেশের সীমিত সুযোগ, যা শুধু প্রথম প্রজন্মেই নয়, বরং উত্তরসূরিদের জীবনেও ছাপ ফেলে যাচ্ছে।
ন্যুরেমবার্গভিত্তিক ‘জার্মানি’স ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ’ (IAB) পরিচালিত একটি গবেষণা সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, অভিবাসীরা একই দেশে বসবাস করলেও স্থানীয় জার্মানদের তুলনায় অন্তত ২০ শতাংশ কম আয় করেন।
গবেষকরা স্পষ্ট করে দিয়েছেন—একই কাজের জন্য বিদেশে জন্মগ্রহণকারী কর্মীদের কম বেতন দেওয়া হচ্ছে না। বরং সমস্যার শিকড় আরও গভীরে: অভিবাসীরা উচ্চ মজুরির চাকরি বা পদে প্রবেশের সুযোগই সেভাবে পাচ্ছেন না। ফলে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি ও প্রজন্মগত আয়বৈষম্য।
বিশ্লেষণে দেখা গেছে, জার্মানিতে অভিবাসী প্রথম প্রজন্মের সঙ্গে স্থানীয়দের মধ্যে গড় মজুরি ব্যবধান ১৯ দশমিক ৬ শতাংশ। এই ব্যবধানের প্রায় তিন-চতুর্থাংশই গড়ে উঠেছে উচ্চ মজুরির খাত ও প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারার ফলে। মানে, তারা মূলত যোগ্যতার ঘাটতির কারণে নয়, বরং কাঠামোগত প্রতিবন্ধকতার কারণেই পিছিয়ে পড়ছেন।
এই গবেষণায় জার্মানির অবস্থানকে তুলনা করা হয়েছে আরও আটটি উন্নত পশ্চিমা দেশের সঙ্গে—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন এবং যুক্তরাষ্ট্র। সব দেশেই আয়বৈষম্যের কোনো না কোনো রূপ দেখা গেছে অভিবাসীদের ক্ষেত্রে।
তবে পার্থক্য রয়েছে বৈষম্য দূরীকরণের গতিতে। কানাডা ও সুইডেন অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে তুলনামূলক সফল হয়েছে। এসব দেশে দ্বিতীয় প্রজন্মের অভিবাসীরা মূলধারার নাগরিকদের সঙ্গে আয়ের ব্যবধান অনেকটাই ঘোচাতে পেরেছে।
অন্যদিকে, জার্মানিতে এই বৈষম্য এখনও স্পষ্ট। দ্বিতীয় প্রজন্মের অভিবাসীরাও গড়ে স্থানীয়দের তুলনায় সাড়ে সাত শতাংশ কম আয় করেন—যা আন্তর্জাতিক গড় (৫.৭ শতাংশ) থেকেও বেশি।