রাজনৈতিক
আমাদের প্রেম এমন যে রাজনীতির বাইরে আমরা যাইতে পারি না
আশেপাশের কত ভ্রুভঙ্গি, কত প্রশ্নবোধক দৃষ্টি
কৌতুক ও ফিসফিস মোকাবিলা কইরা যে
আমি তোমার, তুমি আমার হইয়া ওঠ
তা জানি একমাত্র আমরা
আর জানে আমাগো খোদা
ফলত তোমার মধ্যে দিয়া আমি রাজনৈতিক হইয়া উঠি
বুঝতে শিখি পর ও অপরের ভেদ
আলাদা করি জৈব ও অজৈবর ফারাক
আমাদের নিকট পরম হইয়া ওঠে অন্তর্ভুক্তি
আমি তোমাকে কোনো ট্যাগ দেই না
তুমিও আমাকে দাও না কোনো সন্দেহের বিষ চাহনি
কাজে কাজেই আমাদের মিলন সহজ হয়
আমাদের মিলন নীল অপরাজিতা হয়
নিয়মতান্ত্রিক হওয়ার বাসনায়
আমরা অনির্বচনীয় একটা ভূগোল কল্পনা করি
সীমানা কল্পনা করি
সার্বভৌম ইচ্ছার প্রতিফলনস্বরূপ তার গঠনতন্ত্র নিয়া ভাবি
আমরা গঠিত হই
পরম্পরার ভেতর থেইক্যা
ইতিহাসের আদি থেইক্যা
রাজণ্যবর্গের তলোয়ারের ফলায়
ফালি ফালি হইয়া
নানা কালপর্বের রক্তে ধুইয়া
আমাদের গঠন চলে
তবু আমরা গঠিত হই না
আশেপাশের সন্দেহ আমাদের ভাইঙ্গা দেয়
শ্রাবণ বর্ষায় আমরা আবার ধুইয়া যাই
জাতিতে আমার আলাদা হইয়া উঠি
ধর্ম আমাদের মধ্যে আইসা দাঁড়াইয়া যায়
বর্ণ একটু দূর থেইক্যা কেলাইয়া হাসে
শ্রেণি আমাদের চোখের সামনে বগল বাজায়
তুমি এখন অনেক দূরের কেউ
এত ফারাক রচনা হইয়া গেছে আমাদের অগোচরে
আমরা কেউ টেরই পাইনা
কোনো খেলোয়াড় যেন সচেতন ড্রিবলিং কইরা গোল দিয়া গ্যাছে এমন উল্লাসে সে অনির্দেশ্য থেইক্যা হাসে
সেই হাসি আমরা কেউ দেখি না
না তুমি, না আমি
আমরা না দেখলেও আমাদের দূরত্ব মনে করাইয়া দেয়
একদিন আমরা কাছে ছিলাম
আমাদের প্রেম ছিল অফুরান
আজ প্রেম নাই, তুমি নাই
তোমারে আমারে আলাদা কইরা দেয়ার ছলনা আছে, ষড়যন্ত্র আছে!!
ছলনা আর ষড়যন্ত্র জিনিসটা তো রাজনৈতিকই!