জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের প্রাণকেন্দ্র সাইল (Zeil)-এ শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে জার্মানিতে বসবাসরত স্বাধীনতার স্বপক্ষের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

বক্তারা অভিযোগ করেন, গত দুই বছরে দেশে মানবাধিকার লঙ্ঘন, হত্যা, পুলিশ সদস্যদের হত্যাকাণ্ড, মব সহিংসতা, অন্যায় গ্রেপ্তার, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ এবং নারী-শিশু নির্যাতনের মতো বহু ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। তারা আরও অভিযোগ করেন, হামের টিকা অব্যবস্থাপনার কারণে বহু শিশুর মৃত্যুর মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে, যার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে দায়ী বলে অভিযোগ তোলেন।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে লিখিত লিফলেট বিতরণ করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী নারী, পুরুষ ও শিশু এতে অংশ নেন। শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।