মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, বিদ্যমান নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার যে বিধান রয়েছে, তা পরিবর্তন করে প্রত্যেক কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমার বিধান করা হচ্ছে। নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।
তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা কোম্পানি এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় আরও গতিশীলতা আনতেই রিটার্ন দাখিলের সময়সীমা ও পদ্ধতিতে এ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে।