বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার পরিধি এবার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিনের ১২ জনের পরিবর্তে এবার প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হবে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
সভায় শিক্ষা উপদেষ্টা বলেন, এতদিন জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এবার প্রথমবারের মতো সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব পর্যায়ের শিক্ষককে সম্মাননার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মাননার জন্য শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিষয়ের শিক্ষক এবং চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকরাও এ সম্মাননার জন্য নির্বাচিত হতে পারবেন।
ড. মাহদী আমিন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষকদের তালিকা যাচাই-বাছাইয়ের পর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি এবং তাঁদের সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।