সরকারি দপ্তর ও সংস্থার ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে যেসব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেগুলোর পরিমাণ ও আয়তন জরুরি ভিত্তিতে নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব এবং সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী সরকারি ভবনগুলোর ছাদের পরিমাণ বা আয়তন দ্রুত নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।
প্রতিবেদনের একটি অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকারি ভবনের অব্যবহৃত বা সৌরপ্যানেল স্থাপনের উপযোগী ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিরূপণই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।