নারী শিক্ষার্থী ও কর্মজীবীদের স্কুল, কলেজ এবং কর্মস্থলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে পিংক বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে মাত্র ১৪টি পিংক বাস চলাচল করায় প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এ পরিস্থিতিতে দ্রুত আরও ১০০টি পিংক বাস চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে নারী শিক্ষার্থী ও কর্মজীবীদের দৈনন্দিন যাতায়াতের সুবিধা বাড়াতে চলমান পিংক বাস সেবার পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বর্তমানে ১৩টি রুটে ১৪টি বাস পরিচালিত হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে বৈঠকে উঠে আসে। এ কারণে দ্রুততার সঙ্গে আরও ১০০টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
সড়ক দুর্ঘটনা কমানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। দুর্ঘটনাপ্রবণ এলাকা ও ঝুঁকিপূর্ণ মোড় চিহ্নিত করে সেগুলো প্রয়োজন অনুযায়ী সোজা ও প্রশস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে গ্রহণ করা নতুন প্রকল্পগুলোতে সড়ক বা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে স্ট্রেইট লাইন বা সরলরেখা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।