পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণ কমাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব ক্ষেত্রে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়।
পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।
পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
সূত্র: সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা