নেত্রকোনা প্রতিনিধি: নতুন কোন কর আরোপ ছাড়াই নেত্রকোনা পৌর সভার ২০১৮-১৯ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় নেত্রকোনা পৌর সভার সম্মেলন কক্ষে ১শ ৩৮ কোটি ৫৫ হাজার ৮ শ ৭৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র নজরুল ইসলাম খান।
এতে রাজস্ব ও বিভিন্ন প্রকল্প থেকে আয় ধরা হয় ১শত ৩৮ কোটি ৫৫ লাখ ৮শ ৭৬ টাকা ও বাজেটে বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১শ ৩৮ কোটি ২ লক্ষ ৫ হাজার ৭ শ ৬২ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ৫৮ লক্ষ ৫০ হাজার ১শ ১৪ টাকা।
বাজেটে সর্বোচ্চ ব্যায় ধরা হয়েছে মগড়া নদীর সংরক্ষণ ও সৌন্দর্য্য বৃদ্ধি,পূর্ত কাজ রাস্তা, ব্রীজ ও ড্রেইন নির্মাণের জন্য। এছাড়াও নতুন করে নাগরিকদের সুবিধার জন্য একটি এ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে এই বাজেটে।
বাজেট ঘোষণার সময় মেয়র নজরুল ইসলাম খান সহ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার সহ পৌর সভার কাউন্সিলর ও জেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নাগরিকদের বিভিন্ন সমস্য ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পৌর মেয়র।