মালয়েশিয়া থেকে ঢাকা ফিরেছেন ১৫১ বাংলাদেশি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (১২ জুন) বিকাল ৫টা ৪০ মিনিটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমান পরিবহন সংস্থাটির জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম জানান, করোনাভাইরাস মহামারির মধ্যে গত তিন মাসের বেশি সময় মালয়শিয়ার বিভিন্ন প্রদেশে আটকে রয়েছেন অনেক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় কোনোভাবেই তারা দেশে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যস্থতায় বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ইউএস-বাংলার আরেকটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে ৪৩ জন কুয়ালালামপুরে ফিরবেন, যাদের মধ্যে মালয়েশিয়ার নাগরিক ছাড়াও সেখানে স্থায়ীভাবে বসবাসরত কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে জানান কামরুল।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে। এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, কুয়েত, মালদ্বীপ থেকে বিশেষ ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশি ফিরে এসেছেন।
উল্লেখ্য , গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।