শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব : রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য পলিথিন-প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ সালমান শাহ হত্যা মামলা: পাঁচ দিনের রিমান্ড শেষে ডন কারাগারে বোর্নিওর দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-মালয়েশিয়া রাশিয়ায় বরফধসে ১১ পর্বতারোহী নিহত, আহত ৬ মার্কিন নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষায় জোর দক্ষিণ কোরিয়ার রামপালের দ্বিতীয় পর্যায়ে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এসআরবি গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

সালমান শাহ হত্যা মামলা: পাঁচ দিনের রিমান্ড শেষে ডন কারাগারে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন তাদের চেনেন বলে জানিয়েছেন। তবে মামলাসংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি কৌশলে গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে চলাফেরা করায় নায়কটির ব্যক্তিগত ও বিভিন্ন বিষয় সম্পর্কে ডনের জানাশোনা ছিল।

সিআইডির আবেদনে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যু এবং মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের সময় ডন অত্যন্ত কৌশলীভাবে বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার আগে, ঘটনার সময় এবং পরবর্তী সময়ে তার আচার-আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলায় পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে আদালতের অনুমতি নিয়ে ডনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানায় সিআইডি।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। এরপর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ওরফে ডন, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সূত্র: আদালত ও সিআইডির আবেদনের তথ্য

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD