জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করা, নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’। জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজন প্রবাসে এক টুকরো বাংলাদেশের আবহ সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজকেরা।
ফ্রাঙ্কফুর্টের SAALBAU BORNHEIM. Arnsburger Str. 24, 60385 Frankfurt am Main ঠিকানায় আয়োজিত এ মেলায় প্রাধান্য পাচ্ছেন জার্মানিতে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। তাদের নিজস্ব প্রতিষ্ঠান ও দেশীয় শৈল্পিক পণ্য, পোশাক, সৌন্দর্যসামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবার বৃহত্তর প্রবাসী সমাজের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে এই আয়োজনের মাধ্যমে। একই সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং নতুন ক্রেতা তৈরির ক্ষেত্রও সৃষ্টি হবে।
মেলায় অংশ নিচ্ছেন নারী উদ্যোক্তা স্মিতা মোতালেব (রেইনবো স্টার জার্মানি), নাদিয়া হোসেন (Blissful Beauty by Nadia), বকুল রহমান (মেরিন ফ্যাশন হাউস), তানিম রহমান টুম্পা (রিকস্টিউম জার্মানি), লিপিকা আহমেদ (লি’স ওয়ার্ড্রব), মিতা (মিষ্টি ছোঁয়া), মেহেদি আবেশ (তানজিয়া ফাইরুজ), রেবেকা (মোমো অ্যান্ড স্ন্যাক কর্নার), দীপা (চায়ের কাপে আড্ডা) এবং নুপুর পপি (পপি কর্নার)।
মেলায় উদ্যোক্তারা ঐতিহ্যবাহী জামদানিসহ দেশীয় পোশাক পরিধান করবেন এবং পরিবেশন করবেন বাংলাদেশি বিভিন্ন সুস্বাদু খাবার। ফলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের পোশাক, খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন তাপসী রায় ও আঁখি হালদার। নৃত্য পরিবেশন করবেন লিপিকা আহমেদ এবং স্মিতা (ডান্স ওয়ার্ল্ড) পরিবেশন করবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যালেক্ষ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে কিবোর্ড থাকবে নয়ন গোপ আর তবলায় অয়ন চৌধুরী। এভাবে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যের সমন্বয়ে সাজানো হবে একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফাতেমা রহমান রুমা ও মুনীব রেজওয়ান।
আসছে আগামী ১১ জুলাই (শনিবার) ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে এবং জার্মানির মাটিতে বাংলা সংস্কৃতি প্রসারিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জার্মান বাংলা চ্যানেলের সম্পাদক ফাতেমা রহমান রুমা, উপদেষ্টা কামরুল আহসান সেলিম, নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপসী রায় ও আঁখি হালদার,স্পন্সর প্রতিষ্ঠান- ফ্যামিলি বাজার ও পপি কিওস, এছাড়াও জার্মান বাংলা চ্যানেলের শুভাকাঙ্ক্ষী প্রবাসে বসবাসরত বাঙালি কমিউনিটি।
আয়োজকদের মতে, ঋতুরঙ্গ মেলা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসী নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, দেশীয় ক্ষুদ্র উদ্যোগের পরিচিতি বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্তভাবে উপস্থাপনের একটি অনন্য আয়োজন।
প্রবাসের ব্যস্ত নগরজীবনের মাঝেও এই মেলা হয়ে উঠবে বাংলা সংস্কৃতির রঙে রাঙানো এক মিলনমেলা। কবিতা, গান, নৃত্য, দেশীয় পোশাক ও ঐতিহ্যবাহী খাবারের সুবাসে উপস্থিত দর্শনার্থীরা অনুভব করবেন মা-মাটি-মানুষের টান— যেন জার্মানির মাটিতেই ফুটে উঠবে এক টুকরো বাংলাদেশ। এ ধরনের উদ্যোগ প্রবাসী নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ অনুষ্ঠানে স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে ফ্যামিলি বাজার ও পপি কিওস।