নভেল করোনাভাইরাসের কাছে পুরো বিশ্ব পরাস্ত। প্রাণঘাতী এই ভাইরাস মহামারী আকার ধারণ করায় বিশ্বের দেশগুলো প্রত্যেকে নিজেদের সুরক্ষায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর এ নিয়েই বাড়ছে সমগ্র বিশ্বে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা। স্থবির হয়ে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো সর্বাধিক প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলোও। তবে আশার কথা হলো- যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান COVID-19 এর নতুন ভ্যাকসিন আবিষ্কার করেছে। আজ ১৬ মার্চ (সোমবার) থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা। ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এ পরীক্ষা চালানো হবে। এমন খবর জানিয়েছে ফক্স৫এনওয়াইডটকম।
খবরে জানানো হয়, আজ ১৬ মার্চ (সোমবার) প্রথম একজন স্বেচ্ছাসেবী এই ভ্যাকসিন পরীক্ষামূলক গ্রহণ করবেন। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এই ভ্যাকসিন তৈরিতে অর্থায়ন করছে। যার পরীক্ষা চলছে ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে।
যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’র অর্থায়নে মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। তাতে অংশ নিচ্ছে অন্তত ৪৫ জন স্বেচ্ছাসেবী। এ স্বেচ্ছাসেবীদের শরীরেই করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করা হবে। কার্যকারিতা সফল হলে ভ্যাকসিন হাতের নাগালে চলে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।
প্রসঙ্গত, চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো এর কোন প্রতিষেধক বাজারে আনতে পারেনি বিজ্ঞানীরা।