দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫। তবে নতুন কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেখানে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। ফলে সেখানে শিক্ষার্থী না থাকায় ভিসির পদত্যাগের আন্দোলনও নেই। আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেখানে উপাচার্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে না থাকলেও সরাসরি বিপক্ষে অবস্থান নেননি। সেখানেও তেমন চাপে নেই ভিসিরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ১৯ জন উপাচার্য (ভিসি) পদত্যাগ করেছেন। সর্বশেষ গতকাল বুধবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম পদত্যাগ করেছেন। বাকি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এখনো আন্দোলন অব্যাহত রেখেছেন।
তবে আরো অন্তত এক ডজন বিশ্ববিদ্যালয়ে ভিসিদের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। পদত্যাগ করেছেন স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।
এ ছাড়া পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মিহির রঞ্জন হালদার এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাবিবুর রহমান।
পদত্যাগ করা অন্য উপাচার্যরা হলেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমদাদুল হক চৌধুরী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম কবীর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুল আলম খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ড. সৌমিত্র শেখর ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। এর আগে তাঁর পদত্যাগের দাবিতে গত চার দিন ধরে ভিসির বাসভবন ও শিক্ষকদের ডরমিটরিতে তালা মেরে রাখের আন্দোলনরত শিক্ষার্থীরা।